কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৮:৫৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে মামলা করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ভাড়া করা বাস ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে এলে হঠাৎ সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল অারোহী ২/৩ জন বাস ড্রাইভার আলাউদ্দিনের উপর চড়াও হয় এবং তাকে বাস থেকে নিচে নামিয়ে মারধর করে। এ সময় চালককে মারধর করার কারণ জানতে চান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অারো বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে দ্বীন মোহাম্মদের ওপর হামলা চালায় এবং মারাত্মকভাবে অাহত করে।
 
এদিকে এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। ব্যস্ততম এই মহাসড়কে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছাত্রদের সঙ্গে কথা বলে। ঘটনার সুষ্টু তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেয়। এতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিয়ে ছয় ঘন্টার অাল্টিমেটাম দেয়।
 
এর অাগেও বিভিন্ন সময় শহরের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালায়। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি। বারবার বাসে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
 
মামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন ইত্তেফাককে বলেন, 'হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে একটি মামলা করা হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা প্রকৃত দোষীকে আইনের আওতায় আনবে।'
 
মামলার বিষয়ে কোতয়ালী মডেল থানার প্রধান কর্মকর্তা আব্দুস সালাম মিয়া ইত্তেফাককে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আজকে একটি মামলা করা হয়েছে। সেটিকে এজাহারভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/নূহু