রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট আবুল কালামসহ ৮জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতারকৃত অন্যরা হলেন- রাকিব, বাবু, শাহিন, আলমগীর, মিন্টু, দেলোয়ার ও আব্দুল মান্নান। তাদের কাছ থেকে ১৩ হাজার ৮০৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএনসি’র সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশেদ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে ইয়াবার একটি সিন্ডিকেট চিহ্নিত করা হয়। পরে এই সিন্ডিকেটের প্রধান মাদক সম্রাট আবুল কালামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে শান্তিনগর থেকে ৫৬টি ইয়াবাসহ রাকিব, বাবু, শাহিন, মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চৌধুরীপাড়া আবুল হোটেল এলাকা থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
এই পাঁজনকে জিজ্ঞাসাবাদে সিপাহীবাগের ইয়াবা ডন খ্যাত দরবেশ বাবা আলমগীরকে ৭শ’ টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে জানা গেল এদের সবার বস ইয়াবা সম্রাট আবুল কালামের কথা। পরে মুগদার মদিবাগ সয়েল সিকদার প্লাজার ৪র্থ তলা থেকে ১০ হাজার ৫শ’ টি ইয়াবাসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রামপুরা থেকে জুতার মধ্যে লুকানো অবস্থায় ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ডিএমপি’র ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪ হাজার ৬৯৩টি ইয়াবা, ২১০ গ্রাম হেরোইন, ১১০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
