হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:০৯
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনার পর পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুর রশীদের ছেলে আব্দুল আহাদকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। নিহত মহিলা বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নতল্লারপুর গ্রামের মৃত প্রভু সরকারের স্ত্রী সন্ধ্যা রানী সরকার (৪৮) ইজিবাইক যাত্রী ছিলেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে আতুকুড়া বাজার থেকে ৮ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ইজিবাইকটি কালারডোবা এলাকায় পৌঁছুলে বানিয়াচংগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সন্ধ্যা রানী সরকার নিহত হন।
 
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পিকআপ চালক আব্দুল আহাদকে পুলিশের হাতে সোর্পদ করা হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলাম।
 
ইত্তেফাক/নূহু