জবিতে নৃবিজ্ঞান অ্যালামনাইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি সংবর্ধনা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নৃবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. সানজিদা ফারহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বাশার এবং তাসলিমা আতিক।
 
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে সকল ক্ষেত্র প্রস্তুত করা। আমি কে? আমার কি পরিচয়? সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থাপন করা। অনুষ্ঠানে জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে ও জয়নুল আবেদিনের সঞ্চালনায় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। 
 
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিভাগের দুজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস ও গীতিকবি সুজন হাজং।
 
এ সময় আব্দুল কুদ্দুস বলেন, এই সংবর্ধনা বিভাগের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে।
 
গীতিকাব্যে বিশেষ অবদানের জন্য কৃতি সংবর্ধিত গীতিকবি সুজন হাজং বলেন, আমি সংগীতের ভেতর দিয়ে নৃবিজ্ঞানকে দেখি। যেখানে মা-মাটি এবং দেশের কথা আমি আমার লেখা গানে উপস্থাপন করেছি।
 
ইত্তেফাক/নূহু