আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: গণপূর্তমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৯:০৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসন বলেন, যারা মানুষ হত্যার রাজনীতি করে, যারা এতিমের হক আত্মসাৎ করে তাদের মানুষের কাছে ভোট চাওয়ার কোন অধিকার নেই। এতিমের হক আত্মসাতের দায়ে আদালতের রায়ে বেগম জিয়া আজ জেল হাজতে। আমরা বৈদেশিক সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতু নির্মাণ করছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার সুযোগ্য নেতৃত্বে।
 
শনিবার চট্টগ্রাম সংসদীয় আসন-৬ রাউজানে ৭টি স্থানে অনুষ্ঠিত নৌকা প্রতীকের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। 
 
গণপূর্তমন্ত্রী বলেন, রাউজানে নজির বিহীন উন্নয়ন হয়েছে। একসময়ের সন্ত্রাসের জনপথ খ্যাত রাউজান করিমের সুযোগ্য নেতৃত্বে শান্তির জনপথে পরিণত হয়েছে। রাউজানের  উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ফজলে করিমকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
 
সভায় প্রধান বক্তা ছিলেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. ছালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ