তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ: আতিউর রহমান

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২৩:১৯
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, “বাংলাদেশ এখন দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন, ক্ষুধা ও দারিদ্র্য নিরসন, এসডিজি অর্জন এবং উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার মতো বড় বড় স্বপ্ন বাস্তবায়নের পথে এগুচ্ছে। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর বড় অংশটিই তরুণ, আর এসব সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এই তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 
আজ শনিবার ড্রিম ডিভাইজারের উদ্যোগে তরুণদের প্রেরণা দেয়ার জন্য আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
তিনি বলেন, আমাদের জাতীয় লক্ষ্য অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে অবশ্যই তরুণদের কর্মশক্তি ও উদ্ভাবনী ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। এজন্য তরুণদের জন্য যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। তরুণদের কেবল সার্টিফিকেট অর্জনের জন্য পড়ালেখা না করে বাস্তব জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রশিক্ষিত হতে হবে।আগামীতে যে তরুণরা দেশকে নেতৃত্ব দিবে তারা বৃহত্তর মানব সমাজ থেকে এ জন্য দরকারি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে।
 
আতিউর আরও বলেন, তরুণদের নেয়া উদ্ভাবনী উদ্যোগগুলো বাস্তবায়নে সহায়তা করার জন্য জাতীয় বাজেটে এবং ব্যক্তি খাতের সিএসআর তহবিলে বরাদ্দ থাকা এখন সময়ের দাবি।
 
ইত্তেফাক/আরকেজি