পীরগঞ্জে ‘নৌকা চাই’ সমাবেশ সোমবার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৬:৩৪
একাদশ সংসদ নির্বাচনে ‘ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই’ সমাবেশ সফল করতে পীরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। 
 
শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। 
 
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক বলেন, ঠাকুরগাঁও-৩ আসনটি ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে নৌকার মার্কার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়। ২০০১ সালে এ আসনটি কারসাজির শিকার হয় এবং কারসাজি করে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করা হয়। 
 
তিনি আরো বলেন, এরপর ২০০৮ সালের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সে সময় মহাজোট গঠন হলে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মনোনয়ন প্রত্যাহার করি। একইভাবে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও এ আসনটি পুনরায় মহাজোটের শরিক জাতীয় পার্টিকে  কে ছেড়ে দেওয়া হলে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আবারো মনোনয়ন প্রত্যাহার করে দলের প্রতি আমার আনুগত্য প্রকাশ করি। 
 
ইমদাদুল হক বলেন, ২০০১ সালের পর থেকেই ঠাকুরগাঁও-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা নৌকা প্রতীকে ভোট দিতে না পেরে হতাশ হয়ে পড়েছে। এ কারণে ঠাকুরগাঁও-৩ সংসদীয়  এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা নৌকার জন্য পাগল হয়ে আছে। ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই এ জনদাবি আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে সোমবার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে জনসমাবেশ।   
 
ইত্তেফাক/জেডএইচ