নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সারা দেশে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৯৮টি ডে-কেয়ার কেন্দ্র স্থাপন করেছে। এই ক্ষেত্রে ব্যক্তিগত অংশগ্রহণকে উৎসাহিত করতে একটি আইন প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, শুধু মাত্র সন্তান লালন-পালন করার জন্য অনেক মাকে চাকরি ছেড়ে দিতে হয়। ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে যায়।
রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও এ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর আয়োজনে সিডো ৬৫ মিটিংয়ের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকাওয়া সভায় বক্তব্য দেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
নাছিমা বেগম বলেন, ২০৩০ সালের আগেই বাংলাদেশে জেন্ডার সমতা অর্জিত হবে। জেন্ডার সমতা অর্জনের জন্য নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। নারীর সার্বিক উন্নয়নে কাজ করছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
ইত্তেফাক/এমআই
