‘‌বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:০৫
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক।কিন্তু যারা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
 
আজ রবিবার দুপুরে মন্ত্রীর ঈশ্বরদী শের শাহ রোডের নিজ বাসভবনে পাবনার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, মনোনয়ন দেওয়ার এখতিয়ার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের মাধ্যমেই মনোনয়ন প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে।
 
ভূমিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে পরিচ্ছন্ন নির্বাচন হবে। স্বাধীন নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
 
তিনি বলেন, কয়দিন আগে ১৪ বছর আগের গ্রেনেড হামলার নৃশংস হত্যাকাণ্ডের বিচারে ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক জিয়া ও হারিছসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আইনের শাসন ও গণতন্ত্র আজ প্রতষ্ঠিত হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে