সম্পাদক পরিষদের মানববন্ধন আজ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১২:২৩
ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একই দাবিতে গত ২৯ সেপ্টেম্বর আমাদের মানববন্ধন কর্মসূচি ছিল। কিন্তু তথ্যমন্ত্রীর অনুরোধে ওই কর্মসূচি স্থগিত করা হয়। তারপর গত ৩০ সেপ্টেম্বর তিনজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের উদ্বেগের বিষয়গুলো ৩ অক্টোবর অথবা ১০ অক্টোবরের মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করে আমাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার জন্য মন্ত্রিসভার অনুমোদন চাইবেন। কিন্তু দুঃখের বিষয়, সে রকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই আমরা আমাদের স্থগিত কর্মসূচি আবারও ঘোষণা করছি। 
 
সম্পাদক পরিষদ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই আমরা এগুলোর সংশোধন চাইছি।
 
ইত্তেফাক/ইউবি