জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রধান অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্কাউট আন্দোলনের মূল মন্ত্রই হল সেবা করা। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ব্যয় হয় তার সিংহভাগই আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে, তাই জনগণের সেবা করা আমাদের একান্ত কর্তব্য। আপনারা সবাই দীক্ষা সম্পন্ন করে এর কার্যক্রমকে এগিয়ে নিবেন আরও নতুন সহচর যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে ও রোভার ইন কাউন্সিলের সাধারণ সম্পাদক এনামুল হক কাওছারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মো. মহসিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
