খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২২:০১
সালমা হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৪ আসামিকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ মামলার অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন।
 
মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দী ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর (ক) ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৪ আসামিকে খালাস দেন।
 
মামলার রায়ে ন্যায় বিচার পেয়েছে বলে জানিয়েছেন নিহত সালমার ভাই মামলার বাদী মো. নুরুজ্জামান।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রল ঢেলে গৃহবধূ সালামা আক্তারকে (২১) দগ্ধ করে স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষত নিয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যায় সালমা আক্তার মারা যায়।
 
ইত্তেফাক/বিএএফ