দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘নির্বাচন আসলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়। এখন বুড়োয় বুড়োয় ঐক্য হয়েছে। ঐক্য করে কাজ হবে না। এসব বাদ দিয়ে রাজপথে আসুন’।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।গ্রেনেড হামলার রায়ে দোষীদের শাস্তি কার্যকর ও তারেক রহমানের ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
মায়া বলেন, গণতন্ত্রের ১২টা বাজাতেই ঐক্য করেছেন ড. কামাল। তিনি বলেন, কার কত মুরোদ তা জানা আছে। সময় হলে দেখবেন কিভাবে প্রতিহত করি। মন্ত্রী আরো বলেন, দেশের যেখানেই যাবেন সেখানেই উন্নয়ন, সেখানেই নৌকা মার্কা আর শেখ হাসিনা।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেকের ফাঁসি না হওয়ায় বাংলার মানুষ হতাশ হয়েছে। আমরা মর্মাহত হয়েছি। কারণ একুশে আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্ব ও পরিকল্পনা হাওয়া ভবন থেকে তারেক রহমান দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী।
ইত্তেফাক/এমআই
