সম্মেলন ছাড়াই কমিটি গঠন এবং ছাত্রলীগের গঠনতন্ত্র অমান্য করে পাল্টাপাল্টি কমিটি গঠন হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন মির্জাপুরে এসে ছাত্রলীগের কমিটি স্থগিতদের এই নির্দেশনা দিয়েছেন বলে সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপ এলাকায় কোন সভা সমাবেশ, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার কোন কমিটিও গঠন করতে পারবে না বলে কঠোরভাবে হুশিয়ার করে দিয়েছেন।
জানা গেছে, মির্জাপুরে ছাত্রলীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।এক গ্রুপের সভাপতি খন্দকার নাইম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।অপর গ্রুপের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।দুটি গ্রুপ এলাকায় পাল্টাপাল্টি কমিটি গঠন করে আসছে।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের এক কর্মী সভায় যোগদান করেন।কর্মী সভা শেষে ঢাকায় ফেরার পথে মির্জাপুরে মুক্তির মঞ্চে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমনের আমন্ত্রণে ছাত্রলীগের সভাপতি পৌরসভার সভা কক্ষে মতবিনিময় সভায় যোগদান করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করতে হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হবে। মির্জাপুরে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখার জন্য এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটি কোন প্রেস বিজ্ঞপ্তি দেয়নি এবং জেলা আহ্বায়ক কমিটিকেও কোন নির্দেশনা দেয়নি।
মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন বলেন, দলীয় কোন্দল নিরসনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন মির্জাপুরে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে দিয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ
