স্টুয়ার্ট ল’র নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১২:০৩
দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল-কে নিষিদ্ধ করেছে আইসিসি। ম্যাচ ফি’র শতভাগও কেটে নেওয়া হয়েছে। ম্যাচ অফিশিয়ালদের ব্যাপারে বাজে কথা বলায় ল’কে এই শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
 
ল’র শাস্তি ঘোষণা করে আইসিসি জানিয়েছে, অফিসিয়ালদের ব্যাপারে কথা বলে তিনি সুস্পষ্টভাবে কিছু বিধি লঙ্ঘন করেছেন। হায়দারাবাদ টেস্টে কাইরন পাওয়েলের আউটের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন ল। আইসিসি বলছে, পাওয়াল আউট হওয়ার পর জনসম্মুখে চতুর্থ আম্পায়ার নিতিন মেননের সামনে ‘অনুপযুক্ত’ শব্দ ব্যবহার করেছেন ল।
 
নিষেধাজ্ঞার ফলে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দলের সঙ্গে থাকতে পারবেন না ল। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ২১ অক্টোবর, গৌহাটিতে। দ্বিতীয়টি বিশাখাপত্তমে, ২৪ অক্টোবর।

ইত্তেফাক/কেআই