‘এবার পূজোয় কোনো নাটক করছি না’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:২২
 
ঈদের মতো পূজোতেও টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা তৈরি করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারো প্রতিটি চ্যানেলের বিশেষ আয়োজনের রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও নাটক। তাই টিভি তারকাদের এই সময়ের ব্যস্ততাও থাকে পূজোর নাটক নিয়ে, তবে এবার পূজোতে কোনো নাটকে দেখা যাবে না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলাকে।
 
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রতিবারই পূজোর নাটকে কাজ করি। তবে এবার ব্যতিক্রম হলো। এবার পূজোয় আমি কোনো নাটক করছি না। পারিবারিক কারণেই এবার কাজ করা হয়নি। আমার ছোট ভাইয়ার বিয়ের কারণে এবার পূজোর কোনো নাটকে কাজ করতে পারিনি। বিগত মাসখানেক বেশ ব্যস্ততায় কেটেছে। কাজ না করতে পারা আমার জন্য একটা কষ্টের বিষয়।’
 
অভিনেত্রী ছাড়াও উর্মিলার আরো একটি পরিচয়, তিনি অভিনয়শিল্পী সংঘের প্রচার সম্পাদক। সংগঠন প্রসঙ্গে বলেন, ‘আমাদের অগ্রগতি সন্তোষজনক। সবকিছু আমরা পরিবর্তন করেছি সেটা বলবো না। তবে অনেককিছুর পরিবর্তনই আমাদের মাধ্যমে হয়েছে। সামনে আরো পরিবর্তন হবে আশা করি।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ