‘সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ প্রতিহত করবে’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:১২
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের নামে দেশে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
 
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েছে। এ সমাবেশগুলোতে তারা বিশৃংখলা করার চেষ্টা করবে। এ ধরনের অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
 
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন ‘বিএনপি, জামায়াত ও ড. কামাল হোসেন গংদের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
 
আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র হাছান মাহমুদ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথা উল্লেখ করে বলেন, ‘তারা মূলত ষড়যন্ত্রকারী। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তাদের ভাড়া করেছেন। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
 
তিনি বলেন, মঙ্গলবার ২০ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেছে। সামনে আরও কয়েকটি দল বেরিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
 
সাবেক পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের ঐক্য যারা ধরে রাখতে পারে না, তাদের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ভাওতাবাজী ছাড়া আর কিছু নয়।
 
ইত্তেফাক/এমআই