‘ধর্মনিরপেক্ষতা ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:০৯
সাম্প্রদায়িকতার বিষমুক্ত বাংলাদেশ গড়তে দেশপ্রেম, স্বাধীনতার ইতিহাস এবং মূল্যবোধের ওপর জোর দিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ বাংলাদেশ। বিভিন্ন ধর্মের মানুষের একে অপরের প্রতি পারস্পরিক সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে। 
 
বুধবার ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মনিরুল ইসলাম মনির বলেন, ধর্মনিরপেক্ষতা ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না। মানুষে মানুষে যদি সাম্য প্রতিষ্ঠা করতে না পারি, ধর্মে ধর্মে সম্প্রীতি আসবে না। হানাহানি বাড়তে থাকবে।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করা হয়েছে, আধুনিকতাকে হত্যা করা হয়েছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করা হয়েছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারলে বাঙালিত্ব ফিরে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ