আইয়ুব বাচ্চুকে হারিয়ে কাঁদছে মানুষ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৫৪
জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। তিনি কোনো দিন ফিরে আসবেন না। রূপালী গিটারে যে আর সুর উঠবে না। এ কথা ভাবতেই কান্নায় ভেঙে পড়েছেন তার ভক্তরা। এ কান্না যেন থামার নয়।
 
বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে দেখা যায়, আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে ছুটে আসে শত শত মানুষ। নানা অঙ্গনের তারকারাও ছুটে আসেন। সবাই এক নজর দেখতে চান তাদের প্রিয় শিল্পীকে। তাদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। এসময় অনেককে কাঁদতে দেখা যায়। 
 
এদিকে ফেসুবকেও চলছে শোকের মাতম। এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
 
বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
 
স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে উনার হার্ট অ্যাটাক হয়। সকাল সোয়া ৯টার দিকে তার ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে তার আগেই তার মৃত্যু হয়।
IMG0
আইয়ুব বাচ্চুকে এক নজর দেখার জন্য জনতার ভীড়
 
শুক্রবার বাদ জুমআ জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
এর আগে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে।
 
জানাজা শেষে চট্টগ্রামের পৈতৃক নিবাসে নেওয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
 
ইত্তেফাক/জেডএইচ