আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা নিজেরাই নিজেদের ঐক্য নিয়ে শংকিত তাদের নিয়ে সরকার বিন্দুমাত্র বিচলিত নয়। জনবিচ্ছিন্ন এই সব নেতারা নিজেদের ঐক্য টিকে থাকবে কি-না, তা নিয়ে শংকিত।
শনিবার দুপুরে হানিফ তার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপি ও অন্যান্যদের নিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা।
জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, এই ঐক্য নিয়ে আওয়ামী লীগ ও জনগণের কোনো ভাবনা নেই। কারণ এই ঐক্যের মধ্যে কার্যতঃ বিএনপি এবং জামায়াত তাদেরই সাংগঠনিক ভিত্তি আছে। অন্যদের সারাদেশে বা জেলা পর্যায়ে কোন সাংগঠনিক অবস্থা নেই। কেন্দ্রেও কোন অবস্থান নেই।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যখন গত ১০ বছরের সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে বিব্রত করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই জনবিচ্ছিন্ন নেতৃবৃন্দের ঐক্য নিয়ে সরকারকে বিব্রত করতে পারবে বলে মনে করার কিছু নেই। এটা দেশবাসী ও বিএনপি নিজেরাও জানে। যাদের ঐক্য হয়েছে তারা রাজনৈতিক ভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে বলেই তারা অগত্যা এই ঐক্য করেছে। বাসস
ইত্তেফাক/কেকে
