মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালিত হচ্ছে: শাজাহান খান

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:৪১
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তিনি আছেন বলেই দেশ আজ মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।’
 
শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন  চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। দলছুট ড. কামাল হোসেন স্বাধীনতাবিরোধী জনবিচ্ছিন্ন কিছু লোক নিয়ে ঐক্য করেছেন। বিভিন্ন মত পথের লোক নিয়ে কোন ঐক্য হয় না। যে ঐক্য গড়ে উঠেছে সেখানে খুনি, রাজাকার, আলবদর, কিছু মুক্তিযোদ্ধা এবং দেশের কিছু তথাকথিত সুশীল সমাজের নেতারা জড়িয়েছে। ভিন্ন ভিন্ন মতের লোকদের নিয়ে যে ঐক্য গড়ে উঠেছে তার স্থায়িত্ব বেশি সময়ের নয়। গোটা জাতিকে বিভ্রান্ত করতেই এই ঐক্যজোট হয়েছে।
 
শাজাহান খান বলেন, ‘জাতীয় ঐক্য হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধীর সঙ্গে জাতীয় ঐক্য যারা গড়বেন মনে করতে হবে তারা আসলে স্বাধীনতার বিরুদ্ধে।’
 
রাজৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেলব মিয়া, রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ মুন্সী প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ