কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দুই যুবক আহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:৫৬
রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় শনিবার ভোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- সবুজ (২১) ও রমজান (২০)। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনই হাসপাতাল ছেড়ে গেছেন। পুলিশের ধারণা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরপক্ষের লোকজন তাদের ছুরিকাঘাত করেছে। 
 
হাসপাতালে চিকিৎসাধীন আহত রমজান জানান, তারা কয়লারঘাট এলাকায় বাস করেন। কাপ্তান বাজার থেকে ভ্যানে করে মুরগি আনা-নেওয়ার কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার ভোরবেলা ভ্যান নিয়ে মুরগির চালান আনতে কাপ্তান বাজারের দিকে রওনা দেয় তারা। এ সময় এলাকার চিহ্নিত চার-পাঁচজন তাদের ঘিরে ধরে। একপর্যায়ে সবুজের হাত ও ডান ঊরুতে ছুরিকাঘাত এবং রমজানের মাথায় রড দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। 
 
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন সবুজ ও রমজান। দুই পক্ষই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে মাদকবিষয়ক মামলা রয়েছে। সবুজ ও রমজানের ওপর হামলার সঙ্গে আমির গ্রুপ জড়িত। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/এমআই