রাবণ বধের উৎসবে নিহত ‘রাবণ’

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২১:৪০
ভারতের অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। নিহতদের মধ্যে একজন হলেন দলবীর সিংহ। তিনি রামলীলা উৎসবের ‘রাবণ’ ছিলেন। 
 
বিবিসির খবরে বলা হয়, উত্তর ভারতে দশেরার দিন রামায়ণের কিছু অংশ অভিনয় করে দেখানো হয় রামলীলায়। রামলীলায় অনেকদিন ধরেই অভিনয় করে আসছিলেন দলবীর সিং। শুক্রবার সন্ধ্যায় ‘রাবণে’র ভূমিকায় অভিনয় করেন তিনি। 
 
রাবণ বধের ওই উৎসবের মধ্যে হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রেন চলে আসে। তার নিচে পড়ে যান রাবণের ভূমিকায় অভিনয় করা দলবীর। সেখানেই মারা যান তিনি।  
 
দলবীর সিংয়ের মা বলেন, তার ছেলে গত কয়েক বছর ধরে রামলীলাতে বিভিন্ন চরিত্র অভিনয় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রামলীলাতে রাবণের ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু সেখানেই দুর্ঘটনাটি ঘটে। 
 
দলবীরের এক বন্ধুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়, ঘটনার সময় দলবীর রেলপথ থেকে ৭-৮ জন লোককে ধাক্কা দিয়ে সরিয়ে রক্ষা করতে সক্ষম হন। কিন্তু তার শেষরক্ষা হয়নি। রেল লাইনে হোঁচট খেয়ে পড়ে যান নিজেই। এতে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় তার।
 
দলবীরের ভাই বলবীর সিং বিবিসিকে জানিয়েছেন, অভিনয় শেষ করে জনতার মধ্যে ঢুকে রাবণের কুশপুতুলের দিকে তীর ধনুক তাক করতে স্টেজ থেকে নেমে এসেছিলেন দাদা। তখনই ট্রেনটা চলে আসে। দাদা কয়েকজনকে লাইন থেকে টেনে সরাতে গিয়েছিলেন, কিন্তু তার পা ট্রেনের তলায় পড়ে যায়।
 
দলবীরের আট মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তার মা চান, দলবীরের স্ত্রী যেন একটা চাকরি পান। 
IMG0
দলবীরের স্ত্রী। ছবি: টাইমস অব ইন্ডিয়া
 
ইত্তেফাক/জেডএইচ