জাতীয় দলেই ডাক পেয়েই বেশ উচ্ছ্বসিত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে একে পর এক সফলতা পাওয়া ৩০ বছর বয়সী ফজলে মাহমুদ রাব্বি। অবশেষে অভিষেকও হলো। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ রবিবার মাঠে নামছেন এই স্বপ্নবাজ ক্রিকেটার। যিনি এই বয়সেও অতিযত্নে লালন করেছেন তার স্বপ্নকে।
ইনজুরির কারণে তামিম ইকবাল ও সাকিব আল হাসান নেই। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের দলে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। নতুন মুখ হিসেবে সুযোগ পান ফজলে রাব্বি।
ঘরোয়া ক্রিকেটে প্রায় ১৫ বছর ধরে খেলছেন ফজলে রাব্বি। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। জাতীয় দলের বাইরে বিসিবির সবগুলো দলেই খেলেছেন। বিপিএলে খেলেছেন বরিশালের হয়ে। সর্বশেষ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাঁহাতি স্পিনটাও করতে পারেন। চলমান এনসিএলের প্রথম রাউন্ডে ১৯৫ রানের ইনিংস খেলেছিলেন। তাকে সুযোগ দেয়ার কারণ জানতে চাইলে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘অনেক দিন ধরে পারফর্ম করছে। ‘এ’ দলেও ভালো করেছে। ওর বাঁহাতি স্পিনটাও আছে। সাকিব নেই বলে সেটা কাজে লাগবে। অভিজ্ঞতা আছে অনেক দিনের। আশা করি ও ভালো করবে।’
ইত্তেফাক/এএম
