অবশেষে বহু জল্পনার পর নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করলেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হার্টথ্রোব নায়ক রনবীর সিং। বলিউডের এই দুই তারকা আজ রবিবার জানান, আগামী নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে।
আজকে দীপিকা পাড়ুকোন তার ইন্সটাগ্রামে নিজের বিয়ের তারিখ ঘোষণা করেন। তিনি তার পোষ্টে লিখেন, আমাদের পরিবারের আশীর্বাদে আগামী নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ আমাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। আপনাদের সবার এতদিনের ভালবাসায় আমরা মুগ্ধ।
দীপিকার এই পোষ্টে মুহূর্তেই তার ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে। প্রিয় নায়িকার বিয়ের খবরে ভক্তরা খুশীতে আত্মহারা হয়। অনেকে অভিবাদন জানিয়ে লিখেন, আমার প্রিয় দুই তারকা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে, তারা অনেক সুখী হোক।
উল্লেখ্য, বলিউডের এই দুই তারকার প্রেম ও বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা সময়ে তাদের বিয়ের খবর বের হয়। কিন্তু ওইসব খবরের কোন তারিখেই তাদের আর বিয়ে হয়নি।
বিভিন্ন সময়ে নিজেদের বিয়ের খবর নিয়ে দীপিকা বলেন, আমাদের বিয়ের তারিখ ঠিক হলে আমরা নিজে থেকে আপনাদের জানাবো। দয়া করে কেউ ভুয়া খবর ছাপাবেন না। সূত্র: এনডিটিভি, বলিউড হাঙ্গামা, ফার্স্ট পোষ্ট।
ইত্তেফাক/এসআর
