আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কারো নাম উল্লেখ না করে বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য বর্ণচোরা হায়েনার দল মাঠে নেমেছে। চক্রান্ত শুরু করেছে। ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশের উন্নয়ন ধ্বংসকারী যে কোন অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।
রবিবার স্বাস্থ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পৃথক দু’টি সমাবেশে এসব কথা বলেন। দুপুরে মন্ত্রী তাঁর মরহুম মাতার নামানুসারে স্থাপিত বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইজ্ঞিনিয়ারিং ইন্সটিটিউট এর একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন এবং বিকেলে পল্লী বিদ্যুতের কাজীপুর জোনাল অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সমাবেশে যুক্তফ্রন্টের দুই নেতার নাম উল্লেখ করে তাদেরকে ওয়ান ইলেভেনের কুশীলব হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, এরাই শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার নামে সে সময় মামলা করেছিলেন। সেই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন জেলখানায় বন্দী। সময়ের পরিবর্তনে এক এগারোর সেই কুশীলবরা আবার মাঠে নেমেছেন, খালেদা জিয়ার পক্ষাবলম্বন করে আন্দোলনের হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। দেশে কোন মার্শাল ল চাই না। আওয়ামী লীগ কোন নির্বাচনকে ভয় পায় না, শুধু ভয় পায় চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের। তবে এদেশের জনগণ চক্রান্তকারীদের কালো হাত ভেঙ্গে দিবে।
সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, দাবি মোদের একটাই, আগামী নির্বাচনে নৌকায় ভোট চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ ও সমুদ্র সীমা জয় করা হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমুলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে। দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ঘরে বসে থাকার সময় নেই। উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগনের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসাসহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনে হ্যাট্রিক করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুপুরে আমিনা মনসুর টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে একাডেমিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান। বিকালে আইএইচটি চত্ত্বরে পল্লী বিদ্যুত্ সমিতির কাজীপুর জোনাল অফিসের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুত্ সমিতির-২ এর জিএম সৈয়দ কামরুল হাসান। সমাবেশ দুটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহধর্মিনী বেগম লায়লা আরজুমান্দ বানু বিথী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী, বাংলাদেশ পল্লী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব খুরশীদ ইকবাল রিজভী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিখ, খলিলুর রহমান সিরাজী, নিজাম উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/এমআই
