কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার।
সোমবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতীকী প্রতিবাদ জানানো হয়। প্রতীকী প্রতিবাদে হামলার বিভিন্ন চিত্র তুলে ধরেন থিয়েটারের সদস্যরা। তারা হামলার প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী পঙ্কজসহ থিয়েটারের অন্যান্য সদস্যবৃন্দ।
এ প্রতীকী প্রতিবাদ প্রসঙ্গে থিয়েটারের সভাপতি বলেন, ‘দ্বীনের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমরা থিয়েটার পরিবার খুবই ব্যথিত। বেশ কয়েকবার প্রক্টরকে এ বিষয়ে জানানো হলেও কোনো অগ্রগতি নেই।আশাকরি, প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ১১ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ ও বাস চালক আলাউদ্দিন মারাত্মকভাবে আহত হন।
ইত্তেফাক/কেকে
