আত্মহত্যা প্রতিরোধে ‘ল অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার’ এর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মেন্টাল হেলথ কেয়ার সেল’ গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন সেলের প্রশাসক প্রফেসর ড. রেবা মণ্ডলকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট মেন্টাল হেলথ কেয়ার সেল গঠন করা হয়।
সেলের অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাম্মী আক্তার, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার শাহিদা আক্তার আশা, ইবিসাসের সহ-সভাপতি কেএম মাহ্ফুজুর রহমান মিশু, এলএভিডিসির সহ-সভাপতি মমিনুর রহমান, মিথিলা ফারজানা প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মণ্ডল বলেন, ‘গত এক বছরে নানা বিষয়কে কেন্দ্র করে ৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। সবশেষে গত ১৯ তারিখে আইন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নাজমুল হোসেনের আত্মহত্যার করেছে। পর পর ৫ জন শিক্ষার্থীর আত্মহত্যা আমাদের স্তম্ভিত করেছে। এক্ষেত্রে সচেতন মহলের অনেক কিছুই করার আছে। দায়বদ্ধতার জায়গা থেকে সেলটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থী তাদের মনের যেকোনো কথা এই সেলে এসে জানাতে পারে। যাতে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে তাকে সুন্দর, উন্নত ও শান্তিময় জীবন পরিচালনা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউটের তথ্য মতে দেশে ১৮ ভাগ শিশু-কিশোর নেতিবাচক ধারণা, অবহেলা বৈষম্য, প্রযুক্তির অপব্যবহার, নৈতিক মূল্যবোধের অভাবে মানসিক রোগের প্রকোপে ভুগছে। আর যারা আত্মহত্যা করেন তাদের ৯৫ ভাগই কোন না কোন মানসিক রোগে ভোগেন।’
ইত্তেফাক/বিএএফ
