ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ফের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সহ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, অধিকতর তদন্তের জন্য এই কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বাহলুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার, ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।
এর আগে একই ঘটনায় গত ১৩ অক্টোবর বিশ^বিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। এই কমিটি গত ১৫ অক্টোবর রাতে উপাচার্যের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তারা পরীক্ষার দিন ১২ অক্টোবর পরীক্ষার পূর্বেই ৯টা ১৭ মিনিটে একজন ভর্তিচ্ছুর মেসেঞ্জারে প্রশ্ন আসার প্রমাণ পায়।
তদন্ত কমিটির প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফল প্রকাশ করে। এই দিনই এক শিক্ষার্থী পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে অনশন শুরু করে। ছাত্রলীগ যাচাই-বাছাই সাপেক্ষে আবার পরীক্ষা নেওয়ার দাবিসহ চার দফা দাবি জানায়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ওই সময় ছাত্রলীগের দাবির বিষয়ে একমত পোষণ করেন। উপাচার্য তুরস্ক থেকে দেশে আসলে তিনি সিদ্ধান্ত নিবেন বলে জানান। রবিবার উপাচার্য তুরস্ক থেকে দেশে এসে সোমবার অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন তিনি।
এদিকে, ২০১৭-১৮ সেশনে ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিকেই তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিন্তু গত এক বছরেও কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পারেনি। সেই কমিটিকে কেন আবার অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হলো এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ইত্তেফাককে বলেন, গত বছরের কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। দেখা যাক।
ছাত্রলীগের মৌন পদযাত্রা মঙ্গলবার
যাচাই-বাছাই সাপেক্ষে পুনরায় ঘ ইউনিটের পরীক্ষা নেওয়াসহ চারদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মঙ্গলবার সাড়ে ১০টায় মৌন পদযাত্রা কর্মসূচি ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবে। সোমবার সংগঠনটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইত্তেফাক/এমআই
