সাভারে ডাকাতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:১৩
সাভারের আশুলিয়ায় জেলে সেজে চলন্ত গাড়ী, মোটরসাইকেল ও পথচারীদের ডাকাতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন জখম হয়েছে। রবিবার রাতে আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।
 
গ্রেপ্তার ডাকাতরা হল- সোলায়মান হোসেন, বাবুল হোসেন, আরমান, আবদুল হালিম উদ্দিন, মো. সোহান, মজিবর, মো. আলম ও মো. রুবেল।
 
ডাকাতদের হামলায় আহত মজিবর রহমান ও রফিকুল ইসলাম জানান, রাতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের কুপিয়ে মোটরসাইকেল ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। এ সময় ওই সড়কে চলাচলকারী পথচারীদেরও জিম্মি করে সবকিছু ছিনিয়ে নেয় ডাকাতরা।
 
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃতরা মহাসড়কের পাশে বিভিন্ন বেশে ডাকাতি করে থাকে। ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ