আতর নিয়ে গবেষণার অবদানের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র মো. নাজমুল হক আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। গত ২০ থেকে ২১ অক্টোবর রাজধানী ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সিএসডি কর্তৃক দুই দিনব্যাপী সান্সেটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে দেশি-বিদেশি বিজ্ঞানীরা তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন।
গবেষণাটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ মণ্ডল এবং বায়োকেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
সম্মেলনের সমাপনী দিনে দেশি ও বিদেশি গবেষকরা পোস্টার প্রেজেন্টেশন সেশনে তাদের নিজ নিজ গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি পোস্টার উপস্থাপন করা হয়। তার মধ্যে স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নাজমুল হকের আতর বিষয়ের উপর উপস্থাপিত গবেষণাটি ‘বেস্ট পোস্টার প্রেজেন্টর এওয়ার্ড’ হিসেবে মনোনীত হয়। গবেষণাটির বিষয় ছিলো ‘পোকা আক্রান্ত আগরকাঠ: বাংলাদেশের আগর বাজারের একটি নতুন মূল্যবান পণ্য’।
বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পরিচালক ড. সুলতান আহমেদ, ইউল্যাবের ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক, প্রফেসর ক্যারোলিন রবার্টস।
ইত্তেফাক/জেডএইচ
