‘সরকার যোগ্যতার প্রমাণ দিয়েই দেশকে ক্ষুধামুক্ত করতে পেরেছে’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২০:৪২
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা খাতে মোট বাজেটের ১৩.৪ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে।
 
তিনি বলেন, বর্তমান সরকার যোগ্যতার প্রমাণ দিয়েই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে পেরেছে। খাদ্য নিরাপত্তায় আমরা ৩ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি।
 
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০১৮’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
 
মেনন বলেন, এই খাতের মাধ্যমে সরকার দেশের বৃদ্ধ, বিধবা, হিজড়া, দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ সকল পিছিয়ে থাকা মানুষদের একীভূত সমাজের অংশ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের কোন দেশের কাছেই হাত পাতে না, আর্থিক সহায়তা চায় না। কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। 
 
তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেয়াতো দূরের কথা, উলটো বাংলাদেশই এখন অন্য দেশকে খাদ্য সহায়তা করে থাকে।
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী মেনন বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় ২০০৫ সালের বিএনপি-জামায়াত শাসনের সময়ের ৫৪০ ডলার থেকে এখন দাঁড়িয়েছে ১৭৫২ ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৩ বিলিয়ন ডলার। অভ্যন্তরীণ ক্ষেত্রে সরকার পদ্মাসেতু নির্মাণের পাশাপাশি আরও বহু সেতু নির্মাণ, রেলপথ, মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে, বহু সংখ্যক উড়াল সেতু, চার লেন বিশিষ্ট রাস্তা নির্মাণ, ২০১৮ সালের মধ্যে সব গ্রামকে বিদ্যুতের আওতায় আনা, গ্রামে গ্রামে কমিউনিটি হাসপাতাল ও সর্বোপরি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশকে মহাকাশের সাথে সংযুক্ত করার বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে।
 
ইত্তেফাক/কেকে