সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের রঘুরগাতী গ্রামে একটি ব্রিজের সংযোগ সড়কের অভাবে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
গ্রামের দুই পাড়ায় বসবাসকারীদের যাতায়াত সুবিধার জন্য ২০১৫-১৬ অর্থবছরে তৈরি হয় একটি পাকা ব্রিজ। কিন্তু ব্রিজ তৈরি হলেও এর সংযোগ সড়ক না থাকায় গ্রামবাসীর পড়তে হয় দুর্ভোগে। আর এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে নিজেরাই ব্রিজে সংযোগ সড়ক হিসাবে তৈরি করে বাঁশের সাঁকো। আর এখন গ্রামবাসী এই সাঁকো দিয়ে চলাচল করছে।
এই গ্রামে অবস্থিত রঘুরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আয়শা রশিদ বিদ্যানিকেতন পড়াশোনা করে এলাকার খেটে খাওয়া মানুষের সন্তানেরা। নিত্যদিনই এই শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষাঙ্গনে। রঘুরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন, বছরের প্রথমই বিনামূল্যে বই বিতরণ করে চলেছেন। অথচ গ্রামের এই ব্রিজটিতে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী চরম দুর্ভেগে পড়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল আমিন সরকার বলেন, বৃষ্টির কারণে কাজ এতোদিন কাজ সম্ভব হয়নি। পানি কমে গেলে ব্রিজের সাইডে মাটি ভরাট করা হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক জানান, জনগণের ভোগান্তি দূরীকরণে ২০১৫-১৬ অর্থবছরে এই জলাশয়ের উপর আরসিসি ৪০ফিট একটি ব্রিজ তৈরি করা হয়। যার ব্যয় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা। ব্রিজের দুই পাশে মাটি ফেলা হলেও তা ধসে গেছে।
ইত্তেফাক/ইউবি
