যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেসিক জরুরি প্রসূতি সেবায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই কমপ্লেক্সকে পুরস্কার প্রদান করা হয়েছে। ২০১৭ সালের কর্যক্রম বিবেচনায় জরুরি প্রসূতি সেবার (ইওসি) বেসিক, কমপ্রেহেনসিভ ও ডিএসএফ ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।
গত ২৩ অক্টোবর ঢাকা শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন।
আজ বুধবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ পুরস্কারের কথা জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডায়রেক্টর ডা. সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সালেহ উদ্দিন, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন। এছাড়া বিভিন্ন দাতা সংস্থা (ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএফপিএ, আইওএম) এর বাংলাদেশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭’ সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এবং গত ১৫ ফেব্রুয়ারি হোটেল লা মেরিডিয়ানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের নিকট থেকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭’ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ৪ হাজার ৮৮৬ জন গর্ভবতী মহিলা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও মাঠ পর্যায় থেকে ৯ হাজার ১৭৫ বার প্রসব পূর্বক পরিচর্যা নেওয়ায় স্বাস্থ্য বিভাগ (ইওসি) বেসিক, কমপ্রেহেনসিভ ও ডিএসএফ ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ পুরস্কার প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআই
