‌‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত’

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এ দলকে পরাজিত করার মতো কোনো দল দেশে নেই। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত। 
 
আজ বুধবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।
 
জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্যকে মানুষ মারার হীন উদ্দেশে করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের অশুভ উদ্দেশে সাত দফা দাবি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এটা কেমন ঐক্য, জাতীয় ঐক্যফ্রন্টের নামে কারা এক জোট হয়েছে ? এটা কেমন জোট, দেশের মানুষ কি এ জোটকে মেনে নিয়েছে?’
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনের কুশিলবরা জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই পনেরই আগস্ট, একুশে আগস্টের খুনি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী, মানিলন্ডারিং ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব গ্রহণ করে নষ্ট রাজনীতির ধারক ও বাহক বিএনপির সঙ্গে তিনি হাত মিলিয়েছে।
 
ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সম্পর্কে বলেন, তিনি ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারী ও মাইনাস-টু-ফরমুলার সঙ্গে ছিলেন। আর আগামী নির্বাচনে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হটাতে হবে এ ষড়যন্ত্রই তার মূল উদ্দেশ্যে। 
 
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে ঐক্য জোটের নেতা হিসেবে গ্রেপ্তার করা হয়নি। তাকে অশোভন বক্তব্য দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বার্তা হলো- দল যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন দলের একমাত্র প্রার্থী। দল থেকে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদেরকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। 
 
ইত্তেফাক/কেকে