জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামী ২৬ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে পারছেন না সৌম্য। সর্বশেষ পাঁচ ইনিংসে তার রান- ৩, ০, ৮, ০ ও ৩৩। গত মাসে শেষ হওয়া এশিয়া কাপের মাঝে হঠাৎ করেই দলে ডাক পান তিনি। কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সৌম্য।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১০২ রান করেছেন সৌম্য। সেই সঙ্গে ঘরোয়া আসরেও ক্রিকেটেও দারুণ খেলছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম তিন রাউন্ডে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। এছাড়া বল হাতে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার নজিরও আছে তার। তাই বর্তমান পারফরমেন্সের সুবাদেই আবারো জাতীয় দলে ডাক পেলেন সৌম্য।
জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে খেলেছেন সৌম্য। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১০০০ রান রয়েছে তার।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুউল্লাহ রিয়াদ, আবু হায়দার, আরিফুল হক, ফজলে রাব্বি, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।
ইত্তেফাক/কেআই
