রাজধানীর রামপুরা এলাকায় মধ্যরাতে পুলিশের একটি চেকপোস্টে এক নারীকে হেনস্তার অভিযোগে রামপুরা থানার এএসআই ইকবালসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) নাদিয়া জুঁই বলেন, আমাকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার গভীর রাতে রামপুরা এলাকার একটি পুলিশ চেকপোস্টে ওই তরুণীকে বহনকারী সিএনজি থামিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন পুলিশ সদস্য। তবে প্রায় সাড়ে ৬ মিনিটের ভিডিওটিতে পুলিশ সদস্যদের চেহারা দেখানো হয়নি। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা সিএনজিতে থাকা নারীকে বেয়াদব, ভদ্র ঘরের মেয়ে নয় এ ধরনের আপত্তিকর কথা বলছেন। তার মুখে আলো ফেলে ‘আমি আপনাকে দেখব’ বলেও মন্তব্য করেন তারা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দিয়ে বলা হয়, ‘কাল কী হয় দেখেন। এত রাতে কোথায় থেকে আসেন ? রাতে ক্যাটওয়েতে হাঁটেন।’
একজন পুলিশ সদস্য তল্লাশি করার কথা বললে ওই নারী বলেন, ‘চেক করেন।’ কিন্তু পুলিশ সদস্য তার ব্যাগ চেক না করে ওই নারী সম্পর্কে আরো অশালীন মন্তব্য করেন। প্রায় ৬ মিনিট ধরে এভাবে বাকবিতণ্ডা চলার পর যখন ওই নারীকে ছেড়ে দেয়ার সময় সিএনজিচালককে বলা হয়, ‘ওরে রাস্তায় নামিয়ে দিয়েন।’
সিএনজির যাত্রী নারী আরোহী অভিযোগ করেন, পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, ‘আপনি কিন্তু এতো বিশ্ব সুন্দরী না। আপনি কি মিনিস্টারের মেয়ে?’ ভিডিওটিতে উভয় পক্ষের কথাবার্তায় জানা যায়, সিএনজি আরোহী ওই নারী রাজধানীর ডেমরা এলাকায় থাকেন। তবে তার পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, কর্তব্যরত এএসআই ইকবাল তার মোবাইল ফোন দিয়ে এই ভিডিও করেন। পরবর্তীতে তার ফেসবুক আইডিতে এই ভিডিও ফুটেজ আপলোড করেন।
ইত্তেফাক/এমআই
