বিশ্বের ১১তম ও বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ডিসমিসালের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের পেছনে তিনটি ক্যাচ তালুবন্দি করেছেন। সেই সুবাদে তিনি ক্যারিয়ারের ২০০ ডিসমিসাল পূর্ণ করেন।
১৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৫৯টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিক। ফলে তার ক্যারিয়ারে সর্বমোট ডিসমিসালের সংখ্যা এখন ২০১টি। যা বাংলাদেশি উইকেটরকক্ষক হিসেবে সর্বোচ্চ। ১২৬ ম্যাচে ১২৬ ডিসমিসাল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল নিয়ে সবার উপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১০টি ডিসমিসাল কম নিয়ে তার পেছনেই রয়েছেন গিলক্রিস্ট। মুশফিকের উপরে থাকা অন্য উইকেটরক্ষরা হলেন- মার্ক বাউচার (৪২৪), মহেন্দ্র সিং ধোনি (৪১৯) ও মঈন খান (২৮৭), ব্রেন্ডন ম্যাককালাম (২৪২), ইয়ান হিলি (২৩৩), রশিদ লতিফ (২২০), রমেশ কালুভিথারানা (২০৬) ও ডুজন (২০৪)।
ইত্তেফাক/কেআই
