নাইনটিতে আউট ইমরুল, জয় দেখছে বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২২:১৫
টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন ওপেনার ইমরুল কায়েস। তবে লিটন দাসের সঙ্গে ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েই দলকে জয়ের অনেকটা কাছে নিয়ে যান। এরপর লিটন ৭৭ বলে ১২টি চার ও একটি ছক্কার মারে ৮৩ রান করে বিদায় নেন। আর নার্ভাস নাইনটির শিকার হলেন ইমরুল। ১১১ বল থেকে সাতটি চারের মারে এ রান করেন তিনি। এছাড়া লিটনের পর রাব্বি শূন্য রানে আউট হয়েছিলেন। ৪১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ২২৭ রান। 
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুরে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়। 
 
মাঠে নেমে দলীয় ১৮ রানে হ্যামিল্টন মাসাকাদজার (১৪) উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়াতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এই জুটিতে ৫৪ রান করেন জুয়াও-টেলর। এরপর দলীয় ৭২ রানে কেপহাস জুয়াওকে (২০) নিজের প্রথম শিকারে পরিণত করেন মিরাজ। 
 
জুয়াও আউট হওয়ার পর টেলরের সঙ্গী হন সিন উইলিয়ামস। দলীয় ১৪৭ রানে মাহমুদউল্লাহর বলে টেলর আউট হওয়ার আগে তারা যোগ করেন ৭৫ রান। টেলর ৭৩ বল থেকে ৯টি চার ও একটি ছক্কার মারে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন টেলর। আর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৮৮ রানে আউট হন উইলিয়ামস।   
 
দু’জন সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ততোটা মারমুখি ব্যাট করতে পারেনি। ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত সিকান্দার রাজা ছাড়া বাকিদের কেউ উল্লেখযোগ্য স্কোরও গড়তে পারেননি। তাই শেষ পর্যন্ত ২৪৬ রানে থামতে হয়েছে জিম্বাবুয়েকে। ৪৫ রান খরচায় সাইফ উদ্দিন নেন তিন উইকেট। প্রথম ম্যাচে ইমরুলের সঙ্গে ১২৭ রানের জুটি গড়া সাইফ করেছিলেন হাফসেঞ্চুরি। এবার জ্বলে ওঠলেন বল হাতে। 
 
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলে আজই সিরিজ নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের। অপরদিকে সিরিজে টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে অবশ্যই জিততে হবে এই ম্যাচে। 
 
ইত্তেফাক/কেআই