জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১০:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-০-তে সিরিজ জয় নিশ্চিত করেছে। 
 
এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
 
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং অসাধারণ ক্রীড়ানৈপূণ্য দেখে গোটা জাতি গর্বিত। এই সাফল্য খেলাধুলার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের ফসল।’ 
 
তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সিরিজের প্রথম ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২৮ রানে পরাজিত করে।
 
ইত্তেফাক/ইউবি