ব্যাংক কর্মকর্তার বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:২৯
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক এইচ এম এ রাজ্জাকের বাসার গৃহকর্মী লাভলী আক্তারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। দেবীগঞ্জ উপজেলা কোয়ার্টার মহানন্দায় বুধবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের দাবি লাভলী বাসার ছাদের পাশে থাকা কাঁঠাল গাছে ওড়না পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে তারা আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি। পুলিশ যাওয়ার আগেই স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন লাভলীর লাশ নিচে নামায়। 
 
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতেই দেবীগঞ্জ থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ময়নাতদন্তের জন্য তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওই গৃহকর্মীর কোন স্বজন না থাকায় ময়নাতদন্ত শেষে ব্যাংক কর্মকর্তার কাছেই তার লাশ হস্তান্তর করা হয়। তবে ওই গৃহকর্মীর আকষ্মিক আত্মহত্যার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সন্দেহের উদ্রেক হয়েছে। 
 
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক এইচ এম এ রাজ্জাক বলেন, ৬ বছর আগে সুনামগঞ্জে কর্মরত থাকার সময় লাভলী আক্তারকে বুদ্ধি প্রতিবন্ধী অবস্থায় খুঁজে পান। সে তার বাবা, মায়ের নাম ঠিকানা বলতে পারছিল না। পরে পুলিশকে না জানিয়েই তিনি তার বাড়িতে ওই মেয়েটিকে আশ্রয় দেন। সম্প্রতি তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বদলি হয়ে আসেন। এখানে তার পরিবারের সঙ্গে লাভলী আক্তারও থাকতো। মেয়েটি বাসার গৃহস্থালীর ছোটখাটো কাজ করতো এবং তার ছেলেমেয়েদের সঙ্গে খেলতো। বুধবার রাতে তারা বাসায় লাভলীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাসার ছাদের পাশের কাঁঠাল গাছের সঙ্গে লাভলীর ফাঁসি দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা নিজেরাই লাশ নিচে নামিয়ে আনেন।
 
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ব্যাংক কর্মকর্তার কাছেই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
 
ইত্তেফাক/নূহু