কুমিল্লা বিভাগের পরিকল্পনা হয়ে গেছে: আইনমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:১৮
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কুমিল্লা বিভাগ হবে। যাদেরকে সঙ্গে নিতে চেয়েছিলাম তারা আসবে না। তবে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা আসবে, চাঁদপুরও থাকবে। কিন্তু কেউ কেউ বলছে তারা থাকবে না। তাদের সাথে কথা চলছে। কুমিল্লা বিভাগ সম্পর্কে সিদ্ধান্ত এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। কুমিল্লা বিভাগের পরিকল্পনা নেওয়া হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।’
 
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় ৬২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সারাদেশে ৪২টি আদালত ভবনের নির্মাণ কাজ চলছে, এর মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সকলের জন্য স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে।
 
অনুষ্ঠানে আইনমন্ত্রী বিচার বিভাগের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিচারকদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
 
কুমিল্লা জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান প্রমুখ।
 
পরে জেলা বারের আইনজীবীদের আয়োজনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
 
ইত্তেফাক/বিএএফ