জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের প্রথমবারের মতো জায়গা পেয়েছেন চারজন। যার মধ্যে পেসার খালেদ আহমেদ, পেস অলরাউন্ডার আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু টেস্টে নতুন মুখ। আর মোহাম্মদ মিঠুন এর আগে ডাক পেলেও অভিষেক হয়নি। মিঠুন এবং অপু ওয়ানডে সিরিজেও খেলছেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সৌম্য সরকার। দলে ফিরেছেন শফিউল ইসলাম।
টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। তাই মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়।
দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষিক্ত আবু জায়েদ রাহীও।
আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে প্রথম এবং ১১ নভেম্বর থেকে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।
ইত্তেফাক/কেআই
ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে মোহাম্মদ মিঠুনকেও। এর আগে দলে থাকলেও বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়নি তার। মিঠুন ওয়ানডে সিরিজেও খেলছেন। টেস্ট দলে ডাকা হয়েছে নাজমুল ইসলাম অপুকেও।
