বিজয়নগরে ছাত্রলীগ নেতার রগ কাটল আরেক ছাত্রলীগ নেতা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১১:১১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতা কামরুল হোসেন (২২) নামের এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিলেন আরেক ছাত্রলীগ নেতা। 
 
বৃহস্পতিবার রাতে উপজেলার সিংগারবিল বাজারে এ ঘটনা ঘটে। আহত কামরুল উপজেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক। তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 
 
জানা গেছে, ছাত্রলীগ নেতা আসিফের সঙ্গে কামরুলের পূর্ব বিরোধ ছিল। বিরোধের জেরে বুধবার কামরুল ও তার লোকজন আসিফকে মারধর করে। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামরুলকে সিংগারবিল বাজারে একা পেয়ে আসিফ ও তার সমর্থকরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাতের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা প্রেরণ করে। 
 
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন শোভন বলেন, আসিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এমআই