খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৭৩০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূতে জানা গেছে, ভর্তি পরীক্ষা কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮৪৮০), টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮৪৮১-১৯২৩০), এইচএসটিটিআই (১৯২৩১-১৯৫৩০), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (১৯৫৩১-২০১৫) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা (২০১৫১-২০৭৩০) এ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন জানান, ভর্তি পরীক্ষার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইত্তেফাক/বিএএফ
