কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:২০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই সহপাঠী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার কোটালীপাড়া উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
নিহতরা হল৥ বাগানউত্তরপাড়া গ্রামের লিটন রায়ের মেয়ে লিমি রায় (৭) ও অদ্রি সরকার (৬)। তারা দুইজন বাগানউত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
 
স্কুলের সহকারী শিক্ষক সোনিয়া আক্তার বলেন, দুই ছাত্রী সকাল সাড়ে ৯ টায় স্কুলে আসে। কিন্তু ভুল করে সঙ্গে কাঠ পেন্সিল আনেনি। আমি তাদের ক্লাস নেওয়ার সময় সকাল সাড়ে ১০ টার দিকে তারা আমার অনুমতি নিয়ে বাড়িতে কাঠ পেন্সিল আনতে যায়। তারপর আর তারা স্কুলে ফিরে আসেনি।
 
লিমি রায়ের বাবা লিটন রায় বলেন, বাড়ি থেকে কাঠ পেন্সিল নিয়ে তারা দুজন স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। ধারণা করা হচ্ছে স্কুলে যাবার পথে ডা. সুভাষ বালার সদ্য খনন করা পুকুর পাড়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুপুর ১২ টার দিকে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এ ঘটনায় স্কুল ও বাগানউত্তপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/বিএএফ