ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য। কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের সাত দফা পূরণ হবার নয়। তারপরও এনিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিকে মোকাবেলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবে।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে মণিসিংহ-ফরহাদ ট্রাস্টের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় তিনি একথা বলেন।
মেনন বলেন, দুভার্গ্যক্রমে নির্বাচন বর্তমানে টাকার খেলায় পরিণত হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসন ও পেশী শক্তির প্রভাব। এর ফলে জনমনে ভোট প্রদানের অধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশনকে নির্বাচনে টাকার প্রভাব, প্রশাসন ও পেশী শক্তির নিয়ন্ত্রণের ব্যাপারে জনমনে সৃষ্ট এই সংশয়কে দূর করতে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নাহলে নির্বাচনবিরোধী শক্তির হাতই শক্তিশালী হবে।
সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৪ দলসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। সভায় সূচনা বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক, পার্লামেন্টারি বোর্ডের সদস্য কামরূল আহসান।
ইত্তেফাক/কেকে
