সিরিজ শুরুর আগ থেকেই ট্রফিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তৈরি হয়। ট্রফি উন্মোচনের পর থেকেই হাসির রোল পড়ে যায়। শুরু হয় ট্রলি। কারণ ট্রফিটি দেখেতে বিস্কুটের মত। আর সেই বিস্কুট ট্রফি জিতেছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ শুরুর আগে ‘বিস্কুট ট্রফিট’ যখন উন্মোচন করে তখন থেকেই টুইটারে ট্রলের বন্যা বয়ে যায়। আইসিসিও এটা নিয়ে মজা করতে ছাড়েনি।
অস্ট্রেলিয়া-পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের মূল স্পনসর পাকিস্তানের একটি বিখ্যাত বিস্কুট প্রস্ততকারক সংস্থা। তাই ট্রফিটও বানানো হয়েছে বিস্কুটের মত করে।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি ট্রফি নিশ্চিত করে পাকিস্তান।
প্রথম ম্যাচ হারায় শুক্রবারের ম্যাচটা ছিল অজিদের কাছে বাঁচা-মরার লড়াই। এদিন অস্ট্রেলিয়ার সামনে ১৪৮ রানের টার্গেট রেখেছিলেন সরফরাজরা। আর সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
ফলে ১১ রানে এই ম্যাচটি হারে অস্ট্রেলিয়া। ২-০ ফলাফলে পিছিয়ে পড়ে অজিরা। পাকিস্তান সিরিজটা নিজেদের করে নেয়।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার বাবর আজম। ৪০ রান করেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাথান কোল্টার-নীল।
রবিবার দুবাইয়ে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সিরিজের ফল নির্ধারণে এর কোনো ভূমিকা থাকবে না।
ইত্তেফাক/জেডএইচ
