যথাসময়েই নির্বাচন হবে: নাসিম

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২০:১৬
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‌‘যথাসময়েই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী এই নির্বাচন হবে। এ নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’
 
শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আর কয়েকদিন বাকি। কয়েকদিন পরই নির্বাচনের ঢোল বেজে উঠবে। এখন নির্বাচনের সময় জনগণ ভোট দিয়ে জনগণের সরকার নির্বাচিত করবে।’
 
বিএনপি নেতাকর্মীর নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী নির্বাচনে ভোট হবে, জনগণ বেছে নেবে তারা কাকে চায়।’
 
নাসিম বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাতীয় চার নেতার সাথে একজন বেইমান লুকিয়ে ছিল। সেই বেঈমান খন্দকার মোশতাক বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু জাতীয় চার নেতা যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন দেশে ঘাতকেরা জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। কারণ এরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। সংবিধানে আছে আইনের দৃষ্টিতে সকলে সমান। কিন্তু আমরা ২১ বছর পিতা হত্যার, বঙ্গবন্ধু হত্যার বিচার পাইনি। সেই খুনিরা আইন করে বিচার বন্ধ করে দিয়েছিল। আজকের দুঃখ লাগে যখন দেখি ড. কামাল হোসেন সাহেব সেই খুনিদের সাথে আঁতাত করেন। একজন তরুণ ব্যারিস্টার ছিলেন তিনি। বঙ্গবন্ধু তাকে ডেকে এনে আওয়ামী লীগের সদস্য করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছিলেন। দুঃখ লাগে যখন দেখি সেই কামাল হোসেন খুনিদের সাথে আঁতাত গড়েন। সেই খুনিদের আশ্রয় দিয়ে আইনের কথা বলেন। আমি তাকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু তাকে কামাল হোসেন থেকে আজকের কামাল হোসেন বানিয়েছিলেন। কে চিনত এই কামাল হোসেনকে? কে তাকে কামাল হোসেন বানিয়েছে। আর তিনি বঙ্গবন্ধু রক্তের সাথে বেঈমানি করে তিনি খুনিদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন।’
 
এ সময় মন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘তিনি কেন এই বেইমানি করলেন? তার আর কি চাওয়ার আছে? আওয়ামী লীগ তাকে যথেষ্ট সম্মান দিয়েছে। কেন আপনি সেই খুনিদের সাথে হাত মিলিয়েছেন? তিনি খালেদা জিয়ার মুক্তি চান, যিনি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন আজকে তিনি সেই খালেদার মুক্তি চান। তিনি বঙ্গবন্ধুর খুনিদের সাথে জামায়াত-শিবিরের সাথে আঁতাত করেছেন। খুনিদের সাথে আঁতাত করে আজকে আপনি আইনের শাসনের কথা বলে আইনের অসম্মান করেছেন।’
 
স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অনু বিভাগের অতিরিক্ত সচিব বদরুন্নেসা, নার্সিং ও মিডওয়াইফারীর মহাপরিচালক তন্দ্রা শিকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, নার্সিং কলেজের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ