সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরতদের তুলে দিয়েছে পুলিশ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশি বাধার মুখে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে চলমান এই আন্দোলন পণ্ড হয়ে যায়। শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাসের দাবি করেছেন, ঘটনাস্থল থেকে তাঁদের পাঁচজনকে পুলিশ আটক করে নিয়েছে। আটককৃতরা হলেন- রিয়ানা হক, সামিয়া, নাদিয়া, নদী ও জোবায়ের।
দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহবাগের ওই সড়কের পাশে কয়েকটি বড় হাসপাতাল রয়েছে। যথেষ্ট সময় দেয়ার পরও আন্দোলনকারীরা কর্ণপাত করেনি। তাই জনদুর্ভোগ নিরসনে তাদের সরিয়ে দেয়া হয়েছে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শনিবার দুপুর থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী রবিবার ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের তুলে দেয়।
ইত্তেফাক/কেআই
